প্রয়াত প্রাক্তন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত
ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক : প্রয়াত প্রাক্তন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত। বার্ধক্যজনিত অসুস্থতায় ৮৩ বছর বয়সে জীবনাবসান প্রবীণ এই নেতার। সূত্রের খবর, আজ সকাল ছ'টা নাগাদ চেতলায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। পরে জানা যায় ফুসফুসে ক্যান্সার হয়েছে তাঁর। সম্প্রতি মাইল্ড স্ট্রোক হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
গুরুদাস দাশগুপ্তের জন্ম ১৯৩৬ সালে, বাংলাদেশের বরিশালে। বাবার নাম ছিল দুর্গাপ্রসন্ন দাশগুপ্ত এবং মায়ের নাম ছিল নীহার দেবী। ১৯৬৫ সালে জয়শ্রী দাশগুপ্তের সঙ্গে তাঁর বিয়ে হয়।বর্তমানে তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছেন। গুরুদাস দাশগুপ্তর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল। শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘সাংসদ এবং শ্রমিক সংগঠনের নেতা হিসেবে তাঁর অবদান মনে রাখবে দেশ।’’ শোকজ্ঞাপন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সহ প্রায় সব দলের রাজনৈতিক নেতানেত্রীরা। এছাড়াও পশ্চিমবঙ্গ সিপিএম-এর তরফেও শোকবার্তা জানিয়ে টুইট করা হয়েছে। ২০০১ সালে সিপিআই-এর শ্রমিক সংগঠন এ আই টি আই সির সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি | টানা ১৭ বছর এ আই টি ইউ সির সর্বচ্য পদে থাকার পর শারীরিক অসুস্থতার কারণে তিনি অব্যাহতি নেন । ১৯৮৫ সালে তিনি প্রথম রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। এর পর ২০০৪ সালে পাঁশকুড়া থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হন। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তিনি পাঁচ বারের সাংসদ ছিলেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন